বেশ কিছু দিন ধরেই আইনি সম্পর্কে বহুগামিতা নিষিদ্ধকরণের কথা ভাবছে অসম সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যে সব ব্যক্তির স্ত্রী/স্বামী জীবিত রয়েছেন এবং আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ হয়নি, তাঁরা পুনরায় বিবাহ করতে পারবেন না।” আরও জানানো হয়েছে, এই বিল আনার উদ্দেশ্য হল রাজ্যে বহুবিবাহের মতো প্রথা সম্পূর্ণ বন্ধ ও নির্মূল করা। এই বিলে বহুবিবাহকে একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। নতুন আইনে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কেউ যদি পূর্বের বিবাহ গোপন করে নতুন বিয়ে করেন, তা হলে তাঁর সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে। সঙ্গে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। শুধু তা-ই নয়, গোটা বিবাহপ্রক্রিয়ায় জড়িত কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতামাতা বা আইনি অভিভাবক— কিংবা আরও যাঁরা এই প্রক্রিয়ায় উৎসাহ জোগাবেন, তাঁদের সকলকেই শাস্তির আওতায় আনা হবে।