দেশের অর্থনীতি বড় হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেখানে এখনও ক্রীড়া উন্নয়নে অনেকটাই বেহাল অবস্থা। ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য খেলাগুলো চলছে অনেকটাই ধুকে ধুকে! সাফল্য বয়ে আনলেও সেভাবে অর্থনৈতিক কিংবা সামাজিক স্বীকৃতি কমই মিলছে। নিজেদের বর্তমান ও ভবিষ্যত চিন্তা করে সুযোগ পেলেই তাই বিদেশে পাড়ি জমাচ্ছেন কেউ কেউ। রোমান-দিয়া যেন দেশে ছেড়ে গিয়ে ক্রীড়াঙ্গনের সেই রুগ্ন চিত্রের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন।
আর্চারদের মধ্যে অসীম বিশ্বাস প্রথম যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। নিউইয়র্ক থেকে দেশ ছাড়ার কারণ আবারও তুলে ধরে বলেছেন, ‘আমি যখন দেশে আর্চারি করতাম, সেসময় ৮ হাজার টাকা পেতাম। তা একপর্যায়ে বেড়ে হয় ২০ হাজারে। এই টাকা দিয়ে একজন ক্রীড়াবিদ কীভাবে জীবনধারণ করবে বলুন। জাতীয় দলে খেলেও তো সেভাবে টাকা পাওয়া যায় না। আমাদের ভবিষ্যৎটাই কী, কেউ তো বলতে পারে না। তাই সুযোগ পেয়ে ফেডারেশনকে বলে বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রে চলে এসে গ্রিনকার্ডও পেয়েছি। এখানে এখন আমি অনেক ভালো আছি। ড্রাইভিং করে ভালো টাকা উপার্জন করছি। পরিবারকে ভালো সহায়তা করতে পারছি। হয়তো খেলাটা ভুলে যেতে হচ্ছে। তবে কিছু করার নেই। আমরা তো দেশে খেলে ভালোভাবে জীবনধারণ করতে পারবো না।’
টেবিল টেনিসে আরেক সাবেক চ্যাম্পিয়ন মানস চৌধুরী বলতে চাইছেন সবাই নিরুপায় হয়ে দেশ ছাড়ে, ‘যে বা যারা দেশ ছেড়ে যায়, তারা কেউ শখ করে যায় না, যোগ্যতার অবমূল্যায়ন আর তার সঙ্গে ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের বাধ্য করে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে। ক্রিকেট ছাড়া অন্য খেলাতে কত বেতন পান খেলোয়াড়রা? তার উপর যতদিন খেলবেন ততদিন বেতন, এরপর কী হবে কেউ জানে না। চাকরির নিশ্চয়তা নেই খেলা থেকে অবসরের পর, নেই কোনও পেনশন। তাহলে কেনই বা কোনোকিছুকে আঁকড়ে ধরে পড়ে থাকা, কীসের আশায়! আমার তো মনে হয়, যদি সব যোগ্য খেলোয়াড়ের সুযোগ, অর্থ ও উপায় থাকে তারা সবাই বিদেশেই পাড়ি দেবে উন্নত ভবিষ্যতের আশায়।’
জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ বাস্তব অবস্থা বুঝে হতাশা নিয়ে লিখেছেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করার পরও হকি জুনিয়র দল তেমন কোনও আশার আলো দেখতে পাচ্ছে না। ক্রিকেট, ফুটবল ছাড়া বাকি সবাই আর্থিকভাবে অনেক দুর্বল। যে টাকা তারা পায়, অনেক সময় সেটা দিয়ে খেলার সরঞ্জাম কেনাও কষ্টকর হয়ে যায়। অন্য খেলায় অফিস দলগুলো এগিয়ে আসলে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির নিরাপত্তা থাকলে বাংলাদেশ অনেক খেলাতেই ভালো করতে পারবে। জাতীয় দলে যারা খেলে তারা চাকরির পরীক্ষায় অন্যদের সঙ্গে টিকতে পারবে না। তাদের জন্য বিশেষ সুবিধা রাখতে হবে। কারণ তারা পড়াশোনা স্যাক্রিফাইস করছে দেশের হয়ে খেলার জন্য। সুতরাং খেলা পরবর্তী জীবনের নিশ্চয়তা পেলে ভালো খেলোয়াড়েরা দেশেই থাকবে এবং খেলাতে আরও বেশি মনোনিবেশ করতে পারবে।’
জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ আল জাবির খেলা ছেড়ে ফ্রান্স প্রবাসী। সেখান থেকে লিখেছেন, ‘প্লেয়ার দেখেই স্পন্সর আসে। কিন্তু টাকা যায় কর্মকর্তাদের পকেটে। যে দেশে প্লেযারদের থেকে কর্মকর্তার ইনকাম বেশি, ওখানে না থাকাটা ভালো না? আমার মতে তারা (রোমান-দিয়া) ভালো ডিসিশন নিয়েছে।’প্রায়ই দাবাড়ু মেয়ের জন্য স্পন্সর খুঁজতে গিয়ে গলদঘর্ম হয় বাবা মেহেদী প্রণয় তুর্যের। তার ক্ষোভ, ‘এই দেশে ক্রিকেট ছাড়া আর কোনও খেলোয়াড় কি দরকার আছে?’
ক্ষোভ-হতাশা দূর করে ক্রীড়াবিদদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে মনো যোগ কে দেবে তাহলে?







