আরজি কর আন্দোলনের সময়ে তিনি পথে নেমেছিলেন স্কুলের ছাত্রীদের সঙ্গে নিয়ে। হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধানশিক্ষিকা মোনালিসা মাইতি এ বার সরব বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী রবিবার রবীন্দ্রসদনে জমায়েতের জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন। তাঁর মতে, বাংলাদেশে যা হচ্ছে, তা সমর্থনযোগ্য নয়। কলকাতার রাজপথ থেকে তিনি সে দেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিতে চান।

বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে মোনালিসার আহ্বান, ‘‘বাংলাদেশের সেই সমস্ত বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে, যাঁরা নিজেদের জন্মস্থানকেই দেশ বলে মেনে নিয়ে সেখানে থেকে গিয়েছেন। তাঁরা সংখ্যালঘু না সংখ্যাগুরু, তা বিবেচনা করে দেখেননি। প্রত্যেক স্বাধীন দেশের শাসকের দায়িত্ব, নাগরিকদের সমান ভাবে পরিষেবা দেওয়া। বাংলাদেশের সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। সেখানে যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না— এই বার্তাই আমি দিতে চাই।’’