সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বাংলায় এক লক্ষ কোটি লগ্নির আশ্বাস রেলমন্ত্রীর, ছুটবে বুলেট ট্রেন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

রাজ্যে সরকার বদলেছে। যা প্রয়োজন, এ বার রেলকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে জমি কিনে রেলের হাতে তুলে দেওয়া হবে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে বসিয়ে সে কথাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রেলমন্ত্রীর সঙ্গে একযোগে কটাক্ষ করলেন পূর্বতন তৃণমূল সরকারকে। মুখ্যমন্ত্রী জানালেন, তাদের অসহযোগিতার কারণেই আটকে ছিল উন্নয়নমূলক প্রকল্প। এ বার সেই সুবিধা পাবেন রাজ্যবাসী। রাজ্যে ইতিমধ্যে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে চেপে ছ’ঘণ্টায় পৌঁছোনো যাবে দিল্লি।

রাজ্যে এক মাস আগে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তার পরে প্রথম বার কলকাতায় এসেছেন রেলমন্ত্রী। একটা গোটা দিন তিনি এ রাজ্যকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পরেই জানিয়েছেন, পূর্বতন সরকারের অসহযোগিতার জন্য রাজ্যবাসী মোদী সরকারের আমলে রেলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু এ বার রেলকে সব রকম সহযোগিতা করবে রাজ্য। রাজ্যবাসী শীঘ্রই ‘ডবল ইঞ্জিন’ সরকারের ফলের স্বাদ পাবেন। শুভেন্দু বলেন, ‘‘জেলাশাসকেরা রাজ্যের লক্ষ্য এবং দর্শন শুনুন, রেলকে গোটা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, কাজ করতে হবে। সরকারের স্পষ্ট নির্দেশ, রেল জমি কিনতে টাকা দেয়। যেখানে দরকার, জমি আমরা কিনে রেলকে দেব।’’ তার পরেই আরও কড়া সুরে বলেন, ‘‘রেল যেমন সহযোগিতা চাইবে, করতে হবে। ক্যালেন্ডার তৈরি করুন, কবে, কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন!’’
আগামী দিনে রাজ্যবাসী কী কী সুবিধা পাবেন, শুভেন্দু এর পরে একে একে তুলে ধরেন। তিনি জানান, দিল্লি থেকে লখনউ, বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে বুলেট ট্রেন। রাজধানী থেকে শিলিগুড়িতে পৌঁছোনো যাবে ছ’ঘণ্টায়। রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ হবে। ৫৩৮টি উড়ালপুল, আন্ডারপাস তৈরি হবে। তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘আগের সরকার রেল দফতরের সঙ্গে কথা বলেনি। রেলমন্ত্রী অনেক বার চিঠি দিয়েছেন। ওরা জবাব দেয়নি। সহযোগিতা করেনি।’’ কেন্দ্রে পূর্বতন ইউপিএ সরকারের দিকেও আঙুল তোলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘২০০৯-২০১৪ সালে মেট্রো এবং বিভিন্ন রেল প্রকল্পে বাংলা পেয়েছিল ৪,৩৮০ কোটি টাকা। মোদীজি বাংলাকে ভালবাসেন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যে রেলের প্রকল্পের জন্য তিনি দিয়েছেন ১৪,২০৫ কোটি টাকা। ঝুলে থাকা (পেন্ডিং) রেল প্রকল্পে এনওসি দিলে, জমি দিলে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সুযোগ রেলের রয়েছে।’’ শুভেন্দু আরও জানান, ‘ডবল ইঞ্জিন’ সরকার আন্ডারপাসের জন্য ৪০টি এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছিল। আগামী ৫ বছরে ৬০টি নতুন ট্রেন পাবে রাজ্য।


এই বিভাগের আরো খবর