মির্জা ফখরুল বলেন, ‘ডানপন্থা ও কর্তৃত্ববাদের ক্রম উত্থানের পরিপ্রেক্ষিতে এখন দুনিয়াজুড়েই গণতন্ত্র হুমকির সম্মুখীন। বিএনপির সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ঢাকার বৈঠকে জাতিসংঘ মহাসচিব নিজেই তা উল্লেখ করেছেন। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রে নানা সমস্যা থাকলেও এটাই এখন পর্যন্ত পৃথিবীর সেরা মতবাদ। তাই গণতন্ত্র রক্ষা এখন একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে এসেছে। বহুদলীয় গণতন্ত্র বা বহুত্ববাদকে এখন ছড়িয়ে দিতে হবে।’
ঠাকুরগাঁওসহ দেশজুড়ে গ্রেফতার বাণিজ্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার ঘাটতির কথা স্বীকার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘হাসিনার আমলের পুলিশি নিপীড়ন ব্যবস্থার ফলে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মনোবলে ঘাটতি দেখা যাচ্ছে। দেশজুড়েই আমরা আইনশৃঙ্খলার অবনতির খবর আমরা পাচ্ছি।
দলীয় নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির যেসব নেতাকর্মী ও সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং অন্যায় করার, সেসবের বিরুদ্ধে কিছু অভিযুক্ত কমিটি ভেঙে দেওয়া, বহিষ্কারসহ নানা দলীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন– জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক তারিখ আদনানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।







