রাজশাহীর তানোর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের উপরে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানানো হয়েছে। আজ দুপুরে রাজশাহীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন এই দাবি জানান উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম।
সংবাদ সম্মেলনের দাবি করা হয়, গত ১৫ই ডিসেম্বর গোদাগাড়ী বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক কর্মী সমর্থকদের নিয়ে তানোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায় এবং চারটি মাইক্রোবাস ভাংচুর করে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলাকারীরা সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের কর্মী সমর্থক বলে দাবি করা হয়েছে। তবে জেলা বিএনপি’র সদস্য সাবেক মেয়র মিজান এই ঘটনার সাথে তার কর্মী সমর্থকের ন্যূনতম কোন যোগসূত্র নেই বলে দাবি করেছেন।