দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠাতব্য ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বর্তমানে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস) বাস্তবায়ন করছে। এই স্কিমটির আগের নাম ছিল ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ (পিবিজিএসআই)। এই প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে ‘স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ নামের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
একই সঙ্গে অনুষ্ঠানের অনুলিপি প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রী ও সচিবের একান্ত সচিব এবং মাউশিসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে।