স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শতাধিক নার্স অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনএ রাজশাহী জেলা শাখার সভাপতি মামুনূর রশীদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার ময়েজ উদ্দিন, ডেপুটি নার্সিং সুপারেন্টেন্ড কহিনুর বেগম, সিনিয়র স্টাফ নার্স ফখরুল ইসলাম, নার্সিং কলেজের শিক্ষক নাজমা সুলতানা।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের নার্সিং খাতের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির প্রতীক। এ অধিদপ্তর বিলুপ্তি নার্সদের স্বতন্ত্র পেশাগত পরিচয় ও প্রশাসনিক স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ন করবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নার্সিং সেবার মানোন্নয়ন, প্রশিক্ষণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে বিদ্যমান নার্সিং অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ অধিদপ্তর বিলুপ্ত বা একীভূত করার যেকোনো পদক্ষেপ নার্সদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করবে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানান— নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র অবস্থান অক্ষুন্ন রাখতে এবং নার্সিং পেশার মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের।
