সিডনিতে প্রথম বলেই আউট হতে পারতেন বিরাট কোহলি। তাঁর ক্যাচ ধরেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু সেই সময় বল মাটিতে ঠেকে যায় বলে তৃতীয় আম্পায়ার মনে করেন। তিনি আউট দেননি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোহিত শর্মা এই ম্যাচ খেলছেন না। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। চোখ রাখেন মাঠের বড় স্ক্রিনে। বিরাট কি আউট ছিলেন?
বিরাটকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোলান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন বিরাট। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। গোটা অস্ট্রেলিয়া দল উচ্ছ্বসিত। কিন্তু মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিক ভাবে নেওয়ার ব্যাপারে। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন। তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বার বার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়ে ছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। বেঁচে যান বিরাট। বেঁচে যায় ভারতও।
স্মিথ যদিও নিশ্চিত যে তিনি ক্যাচ নিয়েছেন। বিরতির মাঝে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় স্মিথ বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বলটা ধরেছি। আঙুল আমার বলের নীচেই ছিল। কিন্তু আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা মেনে নিয়েছি।”
প্রথম বলে শূন্য করে ফিরতে না হলেও বিরাট ১৭ রানের বেশি করতে পারেননি। যদিও ৬৯টি বল খেলেন তিনি। ভারতের দ্বিতীয় সেশনে শুধু বিরাটই আউট হয়েছেন।