বিহারের আসন্ন বিধানসভা ভোটে পৃথক ভাবে লড়বে আম আদমি পার্টি (আপ)। দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, কোনও অবস্থাতেই কংগ্রেস বা তার সহযোগী দলগুলির সঙ্গে সমঝোতার পথে যাবে না আপ।
নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই আসন রফা নিয়ে আরজেডি, কংগ্রেস, তিন বাম দল— সিপিআইএমএল লিবারেশন, সিপিআই, সিপিএম এবং বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সহানির দল ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র মধ্যে আলোচনা শুরু হয়েছে। লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’-এ শামিল হওয়ার জন্য প্রকাশ্যে বার্তা দিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। যদিও গত মাসেই কেজরী জানিয়ে দেন বিহারে কংগ্রেসকে বাদ দিয়ে তাঁরা একটি ‘তৃতীয় ফ্রন্ট’ গড়ার চেষ্টা করবেন।