বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বৈষম্য নিরসনের দাবীতে রাজশাহীর রাজপথে প্রাইমারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদানের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষক সমাজ। আজ দুপুরের দিকে পিটিআই এর সামনে এই মানববন্ধনে অংশ নেয় রাজশাহী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে নেয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, বেতন বৈষম্যের কারণে সহকারী শিক্ষকগণের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের প্রায় ২ কোটি কোমলমতি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগছে। মেধাবীরা শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করার পরেও শুধুমাত্র মানসম্মত বেতনের কারণে পেশা পরিবর্তনের প্রতিযোগিতায় নামছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে ২০১৫ সালে ঘোষিত পে-স্কেলে ১১তম থেকে ২০তম গ্রেড প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়। শিক্ষকতার মতো মহান পেশায় থেকে শিক্ষকদেরকে প্রদানকৃত ১৩তম গ্রেডে বেতন একজন সহকারী শিক্ষকের জীবনমানের কোন উন্নয়ন ঘটাতে পারেনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানসম্মত প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষকের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত থেকেও আমরা ন্যায্য সুযোগ সুবিধার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকগণ বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও আশানুরুপ সুফল পায়নি।


শিক্ষকরা আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর, এটা সর্বজনবিদিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে যুগোপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি। স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন। বৈষম্য নিরসনে আমরা সহকারী শিক্ষকবৃন্দ এ প্রস্তাব প্রত্যাখান করে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করার জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, গোলাম আরিফ, সামাউন সরকার, নুর মাসত্তর ইবনে যোবাইর, কেএম ইতরাত হামিদ, সুমন কুমার তরফদার, আব্দুস সামাদ, সোহেল রানা ও সাহানা মান্নান।


এই বিভাগের আরো খবর