সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জেনেছি, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এ বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এখন তার জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আইনি কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এর আগে বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী রেঞ্জ ও আরএমপির কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পেশাগত দক্ষতা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান তুলে ধরেন।