সপ্তাহখানেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিনোদ কাম্বলি বলেছিলেন, ক্রিকেটজীবনে আট বার কামব্যাক করেছেন। জানেন কী ভাবে ফিরে আসতে হয়। হাসপাতালের বিছানায় শুয়ে বন্ধু, ভক্তদেরও ফিরে আসার আশ্বাস দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। কাম্বলি ভিডিয়ো কলে কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির সঙ্গে। উদ্বিগ্ন বন্ধু সীমান্তের ও পার থেকেই কাম্বলির জন্য প্রার্থনা করছেন।
কিছু দিন আগেও মুত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কাম্বলিকে। এ বার সেই সমস্যার সঙ্গে রয়েছে শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া এবং হৃদ্রোগজনিত কিছু সমস্যা। কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল।