রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ভারতের বিরুদ্ধে কিছু বললেই সে হয়ে যায় পশ্চাৎপদ: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে কেউ কিছু বললেই সে বোধ হয় পশ্চাৎপদ, সে আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না। এরকম প্রবণতার মাইন্ডসেট খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণ সমাবেশ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে রহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন, সে আত্মনিবেদন থেকে তিনি ফিরে আসতে চাননি। তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে পড়ছে, দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।

ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির সব সময় সোচ্চার ছিল উল্লেখ করে রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন।

তিনি বলেন, ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে। এরপর আর তারা (ভারত) মনেই করেনি বাংলাদেশের সাথে কথা বলা দরকার।  গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর