ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে আসার কথা ছিল সাকিব মাহমুদের। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের এই পেসার ভারতে আসার ভিসা এখনও পাননি। এই পরিস্থিতিতে তাঁর বিমানের টিকিট বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, সাকিবের পাসপোর্ট এখনও ভারতীয় দূতাবাসে রয়েছে। সাকিব ইংল্যান্ডেই রয়েছেন। ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে পেসারদের একটি শিবির করেছে ইংল্যান্ড। সেখানে রয়েছেন জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, মার্ক উডেরা। মেন্টর জেমস অ্যান্ডারসন তাঁদের অনুশীলন করাচ্ছেন। সেখানে যেতে পারেননি সাকিব।
তবে এই প্রথম নয়। গত বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে ভারতে খেলতে আসারও ভিসা পাননি সাকিব। তার আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারতে আসার আবেদন করেছিলেন তিনি। তখনও তাঁর ভিসা মঞ্জুর হয়নি। সেই সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চিফ এগ্জ়িকিউটিভ টম হ্যারিসন জানিয়েছিলেন, তাঁরা সাকিবের ভিসা মঞ্জুর হওয়ার সব রকম চেষ্টা করেছেন। কিন্তু রাজনৈতিক কারণে ভিসা দেওয়া হয়নি। সেই ঘটনা আরও এক বার ঘটল।