সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতা এবং নয়াদিল্লি-ঢাকা স্নায়ুর লড়াইয়ের মধ্যে ভারতকে শান্তি ফেরানোর বার্তা দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ঢাকা থেকে ফোনে জানালেন, “ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। এই উত্তেজনা অনলাইনে কৃত্রিম ভাবে ছড়ানো হচ্ছে। আমি ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছি, তাঁরা এসে বাংলাদেশের পরিস্থিতি নিজের চোখে দেখে তারপর সিদ্ধান্তে আসুন। কিছু ঘটনা ঘটেছে যা নিন্দনীয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামে পুলিশি নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে তা আপনারা সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন।” তাঁর কথায়, “ইসকনের সব ধর্মীয় নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের নিষিদ্ধ করার কোনও প্রশ্ন কখনও ওঠেইনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে। কোনও ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়।” সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতীয় পতাকা বিছিয়ে রাখার ছবি, যার উপর দিয়ে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা হেঁটে যাচ্ছেন। বিষয়টি নিয়ে বিশদে না গিয়ে শফিকুল বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যা নিন্দনীয়। একটি মন্দিরে ঢিল ছোড়ার খবর আসার পরে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি।”