পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রংপুর রাইডার্সে অনুশীলন শুরু করে দিয়েছেন সৌম্য। বাংলাদেশের এই হার্ডহিটার ব্যাটার আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। মাঠে ফেরার লড়াইয়ে অবশ্য খুব বেশি তাড়াহুড়ো করছেন না। শুক্রবার বিপিএলে রংপুরের ম্যাচের ফাঁকে সম্প্রচারকারী টেলিভিশনকে জানান, মাঠে ফিরতে পেরে ভালো লাগার কথা। অনুশীলন প্রসঙ্গে বলেছেন, ‘সবচেয়ে ভালো লেগেছে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজ (গতকাল) দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সব সময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’
চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন। রংপুরের রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলেও তেমন শুরু করেছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে ছিটকে সেই ধারাবাহিকতা রাখা সম্ভব হয়নি। সৌম্য জানালেন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফিরতে চান, ‘চেষ্টা করবো যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, সেখান থেকে শুরু করতে।’







