ভারতের অরুণাচল প্রদেশে রবিবার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুর দশ মিনিটে ভুটানের ফুটবলারদের অন্তত তিনটি শট ছিল গোল পোস্টে। ৫ মিনিটে ভুটানের আক্রমণ নষ্ট হয়েছে। থিনলে ইয়েজারের ক্রস থেকে বল নিতে গিয়ে আরেক ভুটানি ফুটবলার বক্সে পড়ে যান। ৯ মিনিটে ভুটানের কর্নার কোনও রকম ফিস্ট করে ফেরান বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন।
১১ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বল পেয়ে মোরশেদ আলী একাই বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো বাঁকানো শটে জাল কাঁপান। ১৭ মিনিটে মোরশেদ আবার বক্সে ঢোকার চেষ্টা করেন। তিনি কর্নারও আদায় করেন। কিন্তু গোল হয়নি এবার। ২৮ মিনিটে তার ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।
৩৩ মিনিটে রিফাত কাজি সুযোগ পেয়েও ভুটানের গোলকিপার তানদিন পেনজরের হাতে তুলে দিল।বিরতির পর যোগ করা সময়ে বাংলাদেশ তৃতীয় গোল পায়। অধিনায়ক নাজমুল ফয়সাল দারুণ এক প্লেসিং এ গোলকিপারকে পরাস্ত করেন। এতেই বাংলাদেশের সেমিফাইনাল সুনিশ্চিত হয়।
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখন পয়েন্ট পায়নি ভুটান।







