রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ভুয়া সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ : বিএনপি

ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ভুয়া সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদেরকে দলে যোগদান বন্ধ করার আবারও নির্দেশনা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ  বিজ্ঞপ্তির মাধ্যমে নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে, বিএনপি’র ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনও স্তরের কমিটিতে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।’

রিজভী আহমেদ উল্লেখ করেন, ‘আরও লক্ষ্য করা যাচ্ছে যে, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।’

‘এরা বিএনপি’র কেউ নয় মর্মে ইতোপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারকচক্রের লোকেরা উল্লিখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে।’

তিনি বলেন, ‘আমরা পুনরায় বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উক্ত ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’

‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর প্রতি দলের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’


এই বিভাগের আরো খবর