সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ভূমি সংক্রান্ত অপরাধ করলে সাজা পেতে হবে : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

রাজশাহীতে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে ‘ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর উল্লেখ করে হুমায়ূন কবীর বলেন, ২৪ ধরনের ভূমি সংক্রান্ত অপরাধের বিস্তারিত এই আইনে রয়েছে এবং কেউ যদি ভূমি সংক্রান্ত অপরাধে জড়িত হন তাহলে আইনানুযায়ী দন্ডিত হবেন। ভূমি মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো কাজে দালালচক্রের শরণাপন্ন না হয়ে সরাসরি ভূমি অফিসে অথবা অনলাইনে খুব সহজে সেবা নিতে পারেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব-ভূমিহীন মানুষদের জন্য লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছায় ১৯৭২ সালে গুচ্ছগ্রাম (বর্তমান আশ্রয়ণ প্রকল্প) শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পরপরই গরীব মানুষদের  পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪  লক্ষ মানুষকে এ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে। পৃথিবীতে এমন আর কোনো দেশ নেই যে দেশের সরকারপ্রধান ঘোষণা দিয়েছেন যে-“আমি একটি মানুষকে গৃহহীন-ভূমিহীন রাখবো না”। রাজশাহীর ৬৭টি উপজেলার মধ্যে ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী বাকি ২ উপজেলাকেও গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমরা ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছি। সরকারের ভূমিকেন্দ্রিক এই জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট ভূমি সেবায় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ভূমিমালিকগণের নিকট হতে তাদের ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কিত প্রশ্ন গ্রহণ করা হয় এবং তার জবাব প্রদান করা হয়। অনুষ্ঠানে ভূমিসেবায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ভূমি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন এবং জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।


এই বিভাগের আরো খবর