হাওড়া থেকে সিঙ্গুরগামী সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটির যাত্রাপথ কোনও মতেই সম্প্রসারণ করা যাবে না, এই দাবিতে নতুন বছরের সকাল থেকেই সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সিঙ্গুরবাসীরা। সম্প্রসারিত নতুন রুটে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনটির তারকেশ্বর যাওয়া আটকাতে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ।
বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। ট্রেন আসতেই রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। উপস্থিত ছিলেন বেচারামের স্ত্রী তথা হরিপালের বিধায়ক করবী মান্নাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে রেলপুলিশ ও হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন থেকেই বদলে গিয়েছে হাওড়া-সিঙ্গুর লোকালের যাত্রাপথ। বুধবার থেকে এক জোড়া সিঙ্গুর লোকালের একটি হরিপাল পর্যন্ত যাবে, অন্যটি যাবে তারকেশ্বর পর্যন্ত। সোমবার দু’টি লোকালের যাত্রাপথ সম্প্রসারণের নোটিস পড়তেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিঙ্গুর আন্দোলনের স্মৃতিবিজড়িত সিঙ্গুর লোকাল ‘বন্ধ করে দেওয়া’ হচ্ছে। মঙ্গলবার সকালেও সিঙ্গুর ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান বিক্ষোভে শামিল হন বেচারাম ও তাঁর স্ত্রী। ছিলেন অন্য তৃণমূল নেতারাও।