মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

মমতার নির্দেশে ইন্দো-নেপাল সীমান্তে ছুটলেন উত্তরবঙ্গের আইজি!

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

উত্তপ্ত নেপাল। উত্তরবঙ্গ সফরে গিয়েই তাই সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর নির্দেশে তড়িঘড়ি এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করতে গেলেন রাজ্যের পুলিশ আধিকারিকেরা। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহের সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সীমান্তে নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছেন তাঁরা।

মঙ্গলবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোনোর পরেই পুলিশ আধিকারিকদের কাছ থেকে ইন্দো-নেপাল সীমান্তে নিরাপত্তা নিয়ে খোঁজখবর নেন মমতা। তার কিছু ক্ষণ পর জানা যায়, মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের আইজি ইন্দো-নেপাল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন। সেই সঙ্গে এসএসবি-র আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। নৌকাঘাট মোড় থেকে খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে যান আইজি।


এই বিভাগের আরো খবর