২০২৪ সালে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামীকাল আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্যায়ে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও ভারত। দুই দলের সেই লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। ঐ ম্যাচের আগেই অবশ্য দুই দলের সেমিফাইনাল নিশ্চিত ছিল। তাই খুব একটা গুরুত্ব ছিল না ম্যাচটির। তবে আগামীকাল শিরোপার লড়াই হওয়ায় থাকছে বাড়তি উত্তেজনা।
সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে নক আউট পর্বের ম্যাচে নির্ধারিত সময়ে ড্র থাকলে খেলা সরাসরি টাইব্রেকার। গ্রুপ পর্যায়ের লড়াই ড্র থাকায় কাল টাইব্রেকার প্রস্তুতি নিয়ে প্রশ্ন হয়। নিজের দেশ ইংল্যান্ডকে টেনে বাংলাদেশের কোচ মার্ক কক্স বলেন, ‘একজন ইংরেজ হিসেবে পেনাল্টি শুটআউট থেকে দূরে থাকাই ভালো! ১৯৯০ বিশ্বকাপ, ১৯৯৬ ইউরো বা ১৯৯৮ বিশ্বকাপ— সবখানেই ইংল্যান্ড পেনাল্টিতে হেরেছে। তাই আমরা চাই ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে।’
বাংলাদেশ-ভারত দ্বৈরথের ঐতিহ্যের কথাও তুলে ধরেন এই কোচ। তার ভাষায়, ‘বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-পাকিস্তান কিংবা বাংলাদেশ-শ্রীলঙ্কা—এই ম্যাচগুলোতে সবসময়ই আলাদা উত্তেজনা থাকে। যেমন আমার দেশে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কাছের প্রতিপক্ষকে হারানোর তাড়না সবসময়ই বেশি থাকে।’
অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আমাদের ভেতরে আলাদা কিছু কাজ করে। আমরা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি। মাঠে নামলে সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই করব আশা করি ভালো কিছু হবে।’








