মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম. সফিউজ্জামান এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, রাজস্ব আদায় কম হওয়ার কারণ হিসেবে গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় মোংলা বন্দরে ৫০টি জাহাজ কম এসেছে। যার মধ্যে সার ও ক্লিংকারবাহী জাহাজ ৪১টি, একটি গাড়ি এবং ৮টি কন্টেইনার জাহাজ। একইসঙ্গে ২৪ শতাংশ বিল অব এন্ট্রি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে।
এছাড়া গত অর্থবছরের প্রথম সাত মাসে কন্টেইনার এসেছিল ৫,৬০০টি। কিন্তু চলতি অর্থবছরের ঠিক একই সময়ে কন্টেইনার এসেছে ২,০১৮টি। ৩,৪০০টি কন্টেইনার কম খালাস হওয়ায় রাজস্ব কম আদায় হয়েছে। অপরদিকে গত অর্থবছরের প্রথম সাত মাসে বিল অব এন্ট্রি হয়েছে ১০,৪০০টি। কিন্তু চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ২৪ শতাংশ কমে ৭,৮৩৫ বিল অব এন্ট্রি হওয়ায় রাজস্ব কম আদায় হয়েছে বলেও জানান কাস্টমস কমিশনার ম. সফিউজ্জামান।
তিনি আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরে মোংলা কাস্টম হাউজে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় হয়েছিল চার হাজার ৩৪৪ কোটি টাকা। আর ৩২ শতাংশ রাজস্ব বৃদ্ধি করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ছয় হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে প্রথম সাত মাসে তিন হাজার ৬২৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয়েছে এক হাজার ৮৪০ কোটি টাকা। এখানে রাজস্ব কমেছে এক হাজার ৭৮৬ কোটি টাকা। এছাড়া গেলো অর্থবছরের তুলনায় একই সময়ে রাজস্ব কমে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৩১ কোটি টাকা।








