জসপ্রীত বুমরাহের দাপটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল ভারত। ৯১ রানে তাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে মার্নাশ লাবুশেন ও প্যাট কামিন্সের ব্যাটে খেলায় ফেরে অস্ট্রেলিয়া। অথচ তেমনটা হওয়ার কথা ছিল না। দুই ব্যাটারকেই আউট করার সুযোগ পেয়েছিল ভারত। দু’জনেরই ক্যাচ ফস্কান যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মোট তিনটি ক্যাচ ফস্কেছেন যশস্বী। তার জেরে আরও ৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। বার বার ক্যাচ ফস্কানোয় যশস্বীর উপর রেগে যান রোহিত শর্মা। মাঠেই সতীর্থকে ধমক দেন ভারত অধিনায়ক।
অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে উসমান খোয়াজারও একটি ক্যাচ ছাড়েন যশস্বী। তখন ২ রানে ব্যাট করছিলেন খোয়াজা। তিনি করেন ২১ রান। তবে সেই ক্যাচটি বাকি দু’টি ক্যাচের থেকে অনেক কঠিন ছিল। যশস্বীর এই তিন ভুল অস্ট্রেলিয়াকে ফেরার সুযোগ করে দেয়। ফলে ম্যাচ কঠিন হল ভারতের।দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে তারা। যশস্বী এই তিনটি ক্যাচ না ফস্কালে চতুর্থ ইনিংসে হয়তো ২৫০ রানের কম তাড়া করতে হত ভারতকে। সেই লক্ষ্যই এখন ধীরে ধীরে ৩৫০ রানের দিকে এগোচ্ছে। এখন দেখার, যশস্বীর এই তিন ভুলের আরও বড় খেসারত ভারতকে দিতে হয় কি না।