শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

রাকসুর ভোটের তারিখ পেছানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। শুধু তাই নয়  নির্বাচনের তারিখ পেছানো ইঙ্গিত দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও তা ৫ দিন বাড়ানো হয়েছে। ফলে ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র তুলতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তন করা হয়েছে।এগুলো হলো- ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় সংযুক্ত করার বিষয়ে এফ নজরুল ইসলাম বলেন, আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বুধবার ভোটগ্রহণের তারিখ জানানো হবে তিনি জানান।

এদিকে  এমন ঘোষণা আসার পরপরই মনোনয়নপত্র সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা শাখা ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক ফাহিম রেজাসহ রাকসু নির্বাচনে প্রার্থী হতে যাওয়া শিক্ষার্থীরা যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবিতে রাকসু ট্রেজারার অফিসের সামনে জড়ো হয়ে যথা সময়ে নির্বাচন করার স্লোগান দিতে থাকেন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।

ছাত্রশিবির এবং সাধারণ শিক্ষার্থীরা জানাই মনোনয়নপত্র উত্তোলন এবং ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নেয়ার ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। তবে নির্দিষ্ট দিন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মনোনয়ন বিতরণের তৃতীয় দিন শেষে ভিপি পদে ৬ জন, জিএস পদে ৪ জন ও এজিএস পদে ৫ জন সহ অনান্য পদে ১৫৭ জন মনোনয়ন উত্তোলন করে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন উত্তোলন করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু জানান, নির্বাচন পেছানো নয় তাদের ৫ দফার মুলদাবী রয়েছে ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীরা যারা ভর্তির সময় রাকসু ফি দিয়েছে তাদের ভোটার অন্তর্ভূক্ত করা সেই দাবী মানলে নির্বাচনে যাবে তারা।

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দিন ধার্য রয়েছে।


এই বিভাগের আরো খবর