সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রাজনৈতিক সংকট, দূর করার একমাত্র পথ দ্রুত নির্বাচন : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, তা দূর করার একমাত্র পথ হলো অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। কারণ সংস্কারের যে বিষয়, সেটা চলমান। এটাও প্রপোজ করবে যারা জাতীয় ঐকমত্য কমিশনে আছেন তারা অতি দ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন। যেসব বিষয়ে ঐকমত্য করে সনদ তৈরি করবেন। এটা নিয়ে কোনও বাড়াবাড়ি করা কিংবা টানাহেঁচড়া পরিস্থিতিকে জটিল করে তুলবে।’

বৃহস্পতিবার (২২ মে) উচ্চ আদালতে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সাংবাদিকদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর এই বিষয়টা নিয়ে সড়ক অবরোধ করে না রেখে… আশা করার যায়, সরকার সুমতি হবে… তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবে। তারা (নেতা-কর্মী-সমর্থকরা) জনগণের স্বস্তির জন্যে রাস্তা থেকে সরে যাবেন।’

গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপি মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।


এই বিভাগের আরো খবর