রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজন শিক্ষার্থী নিহত ও ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। নিহত সবুজ নগরীর বেসরকারী বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩৭ জন এসেছেন রাজশাহী মহানগর থেকে। আর তিনজন এসেছেন জেলার গোদাগাড়ী উপজেলা থেকে। ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩০ জনই গুলিবিদ্ধ বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা নগরীর তালাইমারী মোড়ে জড়ো হন। এরপর দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে সাহেববাজারের দিকে রওনা হয়। মিছিলটি নগরীর শাহ মখদুম কলেজের সামনে পৌছালে পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে মুহুর্মুহু গুলি ছুঁেড় হামলা করে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ বেশকিছু কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। এসময় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ পালিয়ে শাহ মখদুম কলেজের পাশে একটি বাড়িতে আশ্রয় নিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই বাড়িতে ঢুকে সবুজকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সবুজের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। #