রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে। এছাড়া সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া ঈদগাহ মহানগর ঈদগাহ ও একই সময় তৃতীয় বৃহত্তর জামাত নগরীর সাহেব বাজার বড় রাস্তায় অনুষ্ঠিত হবে।
এদিকে নগরীতে প্রথম দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে।
এছাড়া মহানগরীর শতাধিক সমজিদ ও অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদকে সামনে রেখে রাজশাহী নগরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে ঈদে ১৮ নির্দেশনা অনুসরনের কথা বলা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানীর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস জানায়, রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।