বিভাগীয় শহর রাজশাহীতে উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো এক শিশুর নাম। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১১ শিশু। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৯ শিশু। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে আরো ১৪৫ শিশু। এ পর্যন্ত মোট রামেক হাসপাতালে ভর্তি হয় ৬১৩ শিশু।
এদিকে হাম রোগ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন । ১০ মে পর্যন্ত ১৪ কর্ম দিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশু সহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্রসহ ৬টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। সকল শিশুকে টিকা দেয়ার জন্য অভিভাবকদের কমিউনিটি কেন্দ্রসহ স্থায়ী কেন্দ্রে টিকাদান কেন্দ্রে নেয়ার অনুরোধ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন।