রাজশাহী মহানগরীর রাণী বাজার টাইগার মন্ডপ ও সেকেরচক ত্রিণয়নী মন্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। আজ বেলা ১১টায় টাইগার মন্ডপে প্রথম শ্রেণীর ছাত্রী অথরা দাসকে এবং ত্রিনয়ণী মন্ডপে অংকিতা ঘোষকে মাতৃরুপে পূজো করা হয়। এর আগে এই দুই কুমারী মাতাকে মন্ত্র পাঠ করে গঙ্গাজল ছিঁটিয়ে শরীর মন শুদ্ধ করা হয়। এসময় ভক্তরা কুমারী মাতাকে শঙ্খ, ঘন্টা আর উলুধ্বনির মধ্যদিয়ে প্রণাম ও ভক্তি জানায়।
পৌরহিত সুমন চক্রবর্ত্তী জানান, দেবী দুর্গার ৯টি রুমের মধ্যে একটি হলো মাতৃরুপ। মুলত দেবী দুর্গার নারী শক্তিরুপ প্রকাশ করার জন্য প্রতিবছর কুমারী পূজার আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজার শুরু থেকে এ পূজার প্রচলন।
এর আগে সকালে মন্ডপে মন্ডপে দেবী দুর্গার মহাঅষ্টমী কল্পরাম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে অঞ্জলী প্রদান করে ভক্তরা। পরে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার ও পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগরীর পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে এক প্রতিক্রিয়ায় শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার।
রাজশাহীতে এ বছর ৪শ ৬২টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গা দেবীর পূজার আয়োজন করা হয়। এর মধ্যে মহানগরীতে ৮০টি মন্ডপে পূজিত হচ্ছে দেবী দুর্গা।