আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর শহীদ আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে দুই হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ২৪৪ জন। অন্য ৭ মামলায় অভিযুক্ত হয়েছেন ২৮৫ জন। তদন্ত শেষে মোট ৯টি মামলায় ৫২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
তিনি জানান, হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে সাত জন। তদন্তে প্রাপ্তদের মধ্যে ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় পাঁচ জন এবং তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে বা তার যে বিশ্লেষণগুলো দিচ্ছে তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা যাবে।






