রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটিকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। রাজশাহীতে তাপমাত্রা ৩৬ ডিগ্রির বেশি হওয়ায় বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে মাঝেমধ্যে বৃষ্টি হলে তখন কিছুটা কমতে পারে।
নগরের বাসিন্দা আবু রায়হান বলেন, ‘কয়েক দিন ধরে গরম বাড়ছে। আজকের গরমটা অনেক বেশি। মনে হচ্ছে, গা পুড়ে যাবে। ঈদের কেনাকাটা করতে এসে শরীরটা ঝিমিয়ে গেছে।’
নগরের আলুপট্টি মোড়ে আখের রস বিক্রি করেন রাকিব ইসলাম। তিনি বলেন, এবার রোজা শুরু হয়েছিল শীতের মধ্যে। এখন প্রচণ্ড গরম পড়েছে। রোজার মধ্যে ইফতারে মানুষ ঠান্ডা পানীয় খেতে চান। তাই গরম বাড়ার সঙ্গে সঙ্গে আখের রসের বিক্রিও বেড়েছে।
বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক রিকশাচালককে গাছতলায় রিকশা রেখে বিশ্রাম নিতে দেখা যায়। তিনি বলেন, ‘ক্যাম্পাসে ঈদের ছুটি শুরু হয়েছে। যাত্রীও কম। আজ খুব রোদ। তাই ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছি।’







