ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এসময় তারা ঢাকা না রংপুর, রংপুর, রংপুর, ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা, ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী; ঢাবি না রাবি, রাবি, রাবি, স্লোগান দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে। ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। আমরা এ আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুর্নগঠন চাই।
এদিকে বেলা ১১ টা ২০ মিনিটে রেলপথ অবরোধের আগেই রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি ট্রেন সহ সব ট্রেন ছেড়ে গেছে। দুপুর আড়াইটার আগ পর্যন্ত রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মতো কোন ট্রেনের সিডিউল নেই। বিকেল ৪টায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটিও যথা সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনটি রাজশাহীর হরিয়ান অবস্থান করছে। অধিকাংশ যাত্রী সেখান থেকেই নিজ নিজ গন্তব্যে চলে গেছে।