রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। প্রধান জামাতে ইমামতি করেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। এখানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সাথে কুশল বিনিময়ে করেন।
এদিকে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহে এবং তৃতীয় বড় ঈদ জামাত নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট সড়কে অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৮টায়। এর আগে সকাল ৭টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হয়। এছাড়াও নগরীর শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা।
এদিকে ঈদের জামাত যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য ঈদগাহগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।