রাজশাহীর বাঘায় উপজেলার চন্ডিপুরে সিএনজি ও ইঞ্জিনচালিত বাহন নসিমুন এর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু ও দুজন আহত হয়েছে। সোমবার সকালে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা নসিমুন এর সাথে মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর আরো ১জনের মৃত্যু হয়।
বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, নিহতদের আইন মেনে পরিবারের কাছে মরদেহ দেয়া হবে। দুর্ঘটনা কবলিত নসিমুন ও সিএনজি থানায় নেয়া হয়েছে।