আগামি ১৫ মে থেকে সব ধরনের গুটি আম এবং ২২ মে থেকে গোপাল ভোগ সহ ভালো জাতের আম গাছ থেকে নামাতে পাড়বেন চাষীরা। রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আখতার।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে রানীপছন্দ বা লক্ষণভোগ, ৩০ মে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া, ১৫ জুন আমরুপালি বা ফজলি, ৫ জুলাই বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি আম গাছ থেকে নামানো যাবে যাবে। এছাড়া সারা বছর বিক্রি করা যাবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম।
এ বছর আমের আবাদ হয়েছে- ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। হেক্টর প্রতি সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন), সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এই পরিমান আম ক্রয় বিক্রয় হবে প্রায় ১ হাজার ৬শত ৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকা।
সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আম গাছ থেকে নামানোর জন্য যে কোন সমস্যার সম্মুখিন হলে চাষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পাড়বেন।