সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রাজশাহী আলোচিত স্যুটার রুবেল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী মহানগরীতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক আলী রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেলকে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জহিরুল হক রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, শুক্রবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাবের অভিযানে ধরা পড়ে সে। শনিবার গভীর রাতে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। রোববার সকালে বোয়ালিয়া থানা সোপর্দ করা হয়। ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন এ মামলার তদন্ত কর্মকর্তা।
বোয়ালিয়া থানার ওসি জানান, রুবেলের নামে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা সহ চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাজশাহীতে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলই ছিল চালকের আসনে। তার নেত্বত্বেই ছাত্রলীগ ও যুবলীগের অন্তত একডজন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে সেই দিন শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। ওই দিন সেখানে দুজন নিহত হন। এছাড়াও রুবেল আরও একটি হত্যা মামলার আসামি। আর তার নামে মাদক আইনেও মামলা রয়েছে।


এই বিভাগের আরো খবর