রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল

আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৬১ চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি সম্পাদন করার পরও সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করার জেরে লাইসেন্স বাতিল করেছে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত আমন মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করে বিভাগের ১৬২টি চালকল মালিক। তবে চুক্তি অনুযায়ী ৩০টি চালকলের মালিক প্রতিশ্রুতির ৮০ ভাগ চাল গুদামে সরবরাহ করেন। অন্যদিকে আরও ৭১টি চালকল মালিক প্রতিশ্রুতির ৫০ ভাগ চাল গুদামে সরবরাহ করেন। চুক্তি করে কোনও চালই দেয়নি ৬১টি চালকলের মালিক। পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি ১৬১ চালকল মালিকের লাইসেন্স বাতিল করলো খাদ্য বিভাগ। এসব চালকল মালিকরা আর রাইস মিলে চাল তৈরি, বিক্রি, বিপণন ও সরবরাহ করতে পারবে না।

জানা গেছে, ৬১টি চালকলের মধ্যে যারা সেদ্ধ চালের কোনও চাহিদা পূরণ করেনি তার মধ্যে রাজশাহীর একটি, নওগাঁর ৮টি, চাঁপাইনবাবগঞ্জের তিনটি, পাবনার ১১টি, বগুড়ার ৩৪টি ও জয়পুরহাটের তিনটি চালকল রয়েছে। অন্যদিকে আতপ চাল দেয়নি চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি চালকল।লাইসেন্স বাতিলের আগে এসব চালকল মালিকদের ব্যাখ্যা তলব করা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চাকদার বলেন, ‘সরকারনির্ধারিত দামে চাল সরবরাহ করে অনেক চালকল মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি খাদ্যগুদামে চাল দিতে গিয়ে অনেক চালকল মালিকের প্রতিটনে দুই হাজার টাকার মতো করে লোকসান হয়েছে। লোকসান দিয়ে অনেকের পক্ষে চাল সরবরাহ সম্ভব হয়নি। সরকার যদি সঠিক দাম দেয়, তাহলে সব মিল মালিক চাল সরবরাহ করবে।’

রাজশাহী খাদ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক ওমর ফারুক বলেন, ‘রাজশাহী বিভাগের যেসব চালকল মালিক চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন ৯১৩টি চালকল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এদের মধ্যে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে। যারা চাল সরবরাহে ব্যর্থ হয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।’


এই বিভাগের আরো খবর