রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছরই গড়ে ৩ হাজার ৭শ করে কমছে। গেল ৬ বছরে কমেছে শিক্ষার্থী কমেছে ২২ হাজার ৫৮৩ জন। ২০২০ সালে এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখের বেশি। ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে। সেই তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী কমে ১১ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে।
শিক্ষাবীদরা বলছেন, এই ধারাবাহিক শিক্ষার্থী কমার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এরমধ্যে রয়েছে জনসংখ্যার পরিবর্তন, শিক্ষার্থী ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক। একই সাথে থাকতে পারে অভিবাসনের প্রভাব।
রাজশাহী শিক্ষাবোর্ড গেল ছয় বছরের পরিসংখ্যানে দেখা গেছে ২০২০ সালে পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৯২ জন। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৬২০ জনে, অর্থাৎ ওই বছরে বাড়ে ৩ হাজার ৩২৮ জন। তবে ২০২২ সালে পরীক্ষার্থী কমে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১৪৩ জনে, যা আগের বছরের তুলনায় ৮ হাজার ৪৭৭ জন কম।
২০২৩ সালে আবারও বৃদ্ধি পেয়ে পরীক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৬৩৬ জনে। সময় বেড়েছে ৮ হাজার ৪৯৩ জন। কিন্তু ২০২৪ সালে এসে আবার কমে দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ৯৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ৪ হাজার ৬৭৩ জন কম।
সবচেয়ে বড় পতন লক্ষ্য করা যায় ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে। এ সময়ে পরীক্ষার্থী সংখ্যা এক লাফে কমে ১ লাখ ৮০ হাজার ৩২০ জনে নেমে আসে, অর্থাৎ কমেছে ১৮ হাজার ৬৪৩ জন। সর্বশেষ ২০২৬ সালে পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে, যা ২০২৫ সালের তুলনায় আরও ২ হাজার ৬১১ জন কম।
গত বছর (২০২৫) এই সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৩২০ জন। সে হিসেবে এক বছরে পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৬১১ জন। শতকরা হিসাবে এই কমার হার প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। আর অনিয়মিত ৩১ হাজার ১৯ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী ১৪৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৯৩ হাজার ১৭৪ জন এবং মেয়ে ৮৪ হাজার ৫৩৫ জন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে একই বছরের ২০ মে পর্যন্ত চলবে। এই এসএসসি পরীক্ষায় বিভাগ ভিত্তিক হিসেবে দেখা গেছে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মানবিক বিভাগে ৭৯ হাজার ৮৪৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৯৭ জন।
শিক্ষাবোর্ডের রাজশাহী জেলায় ৫৫টি কেন্দ্রে ৫১৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছেলে ১৫ হাজার ৪০৩ জন এবং মেয়ে ১৩ হাজার ১৩৪ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৪টি কেন্দ্র ও ২৩৯টি প্রতিষ্ঠানের আওতায় মোট ১২ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছেলে ৬ হাজার ৮৯৯ জন এবং মেয়ে ৬ হাজার ৫৭ জন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, গত বছরে তুলনায় কমার কারণ রেজিস্ট্রেশন কম করেছে।