রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এ বার থেকে কর্মচারীরা সহজ প্রক্রিয়ায় তাঁদের বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন। সম্প্রতি রাজ্য অর্থ দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে তাঁকে নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন কর্মী। এই পদক্ষেপে দীর্ঘদিনের জটিলতা ও প্রশাসনিক দেরি অনেকটাই কমবে বলে আশা করছে সরকারি কর্মচারীমহল।