শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ থেকে ৫টি বিভাগীয় শহরে শুরু হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ।

এবারই প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষার আসন বন্টর করা হয়েছে। রাবির ২৭ টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট ৪ হাজার ৩২৩ টি আসনের বিপরীতে ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।
পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার নিয়ম এবারও রয়েছে। প্রশাসন বলছে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন রোধে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিভিন্ন সহযোগিতামূলক আয়োজন। সার্বক্ষণিক তদারকির জন্য প্রক্টরিয়াল বডি এবং খাবারের মান ও দাম পর্যবেক্ষণের জন্য কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, রাবি শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল সেবা চালু ছিল। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়।


এই বিভাগের আরো খবর