বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

রাবি প্রফেসর ড. হাছানাত আলী বশেমুবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বশেমুবি) উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে । প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। উপাচার্য  নিয়োগের আগে গত  ১১ অক্টোবর  ড. হাছানাত আলীকে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর পরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাবির বিধান অনুযায়ী ১২ বছর আগেই তাঁর এই পদটি প্রাপ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে বিগত সরকার তাঁকে এই পদ থেকে বঞ্চিত করেছে। তবে আইবিএ’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই সরকার তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁর উপাচার্য পদে নিয়োগ দেয়। গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে প্রফেসর ড. হাছানাত আলীকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। তিনি জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করেন ও টিভি টকশোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করে থাকেন।

ড. হাছানাত আলী ১৯৮৫ সালে নিজ জেলা বগুড়া থেকে দাখিল ও ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইসলামি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ও ১৯৯২ সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ২০০৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।তবে পিএইচডি ডিগ্রি অর্জনের আগে ১৯৯৬ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন হাছানাত আলী। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। দেশে বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ২৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রফেসর ড. হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।


এই বিভাগের আরো খবর