হাসপাতাল সূত্রে জানা গেছে, এই অত্যন্ত ব্যয়বহুল ওষুধটি রামেক হাসপাতালে ভর্তি হওয়া ল্যাবরেটরি-নিশ্চিত অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। আমেরিকার বাজারমূল্য হিসেবে এ চালানের ওষুধের মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
হাসপাতাল সূত্র আরও জানায়, অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের সরাসরি সম্পৃক্ততা এবং হাসপাতাল পরিচালকের সহযোগিতায় ডিরেক্ট রিলিফের এ সহায়তা রামেকে পৌঁছেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ডিরেক্ট রিলিফ থেকে অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালানের ৬৯৬টি সিরিঞ্জ বৃহস্পতিবার সকালে হাসপাতালে পৌঁছেছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য রোগীদের বিনামূল্যে এ ওষুধ দেওয়া হবে। উচ্চমূল্যের কারণে সাধারণ রোগীদের পক্ষে এ ওষুধ গ্রহণ করা কঠিন। ফলে বিনামূল্যে এ ওষুধ পাওয়ার সুযোগ রোগীদের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হবে।







