মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের এসটিপি আমদানি দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের লিফট ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) আমদানি ও স্থাপন কাজে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রায় ৫ কোটি টাকা মূল্যের সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি)-এর আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহ করে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

দুদক সূত্র জানায়, সংগৃহীত রেকর্ডপত্র, নমুনা পরীক্ষার মূল্যায়ন প্রতিবেদন এবং অন্যান্য প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনাপূর্বক কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, মেয়রের স্বাক্ষর জাল করে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর থেকেও আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করে এবং রায়পুর পৌরসভা কার্যালয় থেকে প্রকল্পসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযোগে বলা হয়েছে, উপজেলাস্থ পৌরসভা কার্যালয়ে মেয়রের স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে কমিশনের নিকট পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রয়োজনীয় প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর