টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে শেষ হয়ে গিয়েছিল ইনিংস। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই ঘটনা এ বার ঘটবে না। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স ক্যারে।শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু দিন-রাতের টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ক্যারে জানিয়েছেন, গত বার যা হয়েছিল তা বার বার হয় না। তিনি বলেন, “ক্রিকেটে এক দিনই এই ধরনের ঘটনা ঘটে। বার বার তা হয় না। আমরা জানি, এ বার আর ভারতকে ৩৬ রানে অল আউট করা যাবে না। তাই আমরা গত বারের ফল নিয়ে কিছু ভাবছি না।”
দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভাল। দেশের মাটিতে একটি গোলাপি বলের টেস্টও হারেনি তারা। সেই আত্মবিশ্বাস এ বারও তারা কাজে লাগাতে চায়। ক্যারে বলেন, “আমরা গোলাপি বলের টেস্টে এখনও হারিনি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। আমরা সিরিজ়ে ফিরতে চাই। অ্যাডিলেডেই সেটা করতে চাই। আমাদের পরিকল্পনা তৈরি। সেটা মাঠে নেমে কাজে লাগাতে হবে।”