মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

র‍্যাবের জালে আটকা রাজশাহীর সাবেক এমপি কালাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২ অক্টোবর) রাতে র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি তিনি গণমাধ্যম কর্মীদের জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাবেক এমপি আবুল কালাম আজাদ এতো দিন ঢাকায় গা ঢাকা দিয়ে ছিলেন। তার গ্রেফতারে বাগমারাবাসী আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজী ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন।

রাজশাহীর বাগমারা থানার  ওসি তৌহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতন হয়। ওই আন্দোলন চলাকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা চালায়। হামলার সময় কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া ওই সময় তাদের হত্যার উদ্দেশে গুলি চালানো এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।  ওসি বলেন, এ ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের কয়েকশ’ নেতা-কর্মীর নামে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা হয়েছে। এ মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এরপর মঙ্গলবার রাতে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামীদের গ্রেফতার অব্যহত রয়েছে বলে জানান ওসি।

 


এই বিভাগের আরো খবর