ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে ওপেনিংয়ে আবার ফেরেন রায়ান রিকেলটন। কিন্তু রান করতে পারেননি তিনি। শূন্য রানের মাথায় প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের শিকার হন তিনি। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমা।
এক প্রান্তে দ্রুত তিন উইকেট হারালেও আরেক প্রান্তে দারুণ খেলছিলেন ডি কক। হার্ষিত রানার বলে ছক্কা মেরে শতরান করেন তিনি। ভারতের মাটিতে নিজের সপ্তম শতরান করলেন ডি কক। তার পরে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধের বলেই আউট হন ডি কক।
রান তাড়ায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জানতেন, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। দেখে-শুনে খেলে বড় জুটি গড়েন তারা। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ৭৫ রান করে ফেরেন রোহিত। তাতে ওপেনিং জুটিতে ১৫৫ রান যোগ করে ভারত।
চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। আগের দুই ম্যাচে শতরান করেছেন। এবারও পেয়েছেন ফিফটি। তার অপরাজিত ফিফটির সঙ্গে যশস্বীর অপরাজিত সেঞ্চুরিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শেষ পর্যন্ত যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থাকেন।