একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, সারাবিশ্বে সুকুক বন্ড খুবই জনপ্রিয় এবং বাজারের জন্য ইফেক্টিভ প্রোডাক্ট। তবে বিগত রেগুলেটর এবং সরকার অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ায় সুকুকের অপব্যবহার হয়েছে।
রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে (মাল্টিপারপাস হল) বুধবার (১৯ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম যৌথভাবে আয়োজিত আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তারা।
নাজমুস সালেহীন বলেন, বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারের জন্য এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলো, প্রয়োজন অনুযায়ী আমরা জনশক্তি পাচ্ছি না।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী বলেন, পুঁজিবাজারে উন্নয়নে বন্ডের বিকল্প নেই। কিন্তু এ বন্ড সম্পর্কে জানা এবং বুঝার বিষয়ে কিছুটা ঘাটতি আছে। সেখান থেকেই এ আয়োজন। আশা করি এ ধরনের প্রশিক্ষণ সেই ঘাটতি মেটাতে ভূমিকা রাখবে।
জিয়াউর রহমান বলেন, সঠিক সময়ে বন্ড এর অপব্যবহার না আটকানো গেলে বিনিয়োগকারীরা এর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো যারা বন্ড এবং সুকুকের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে সুকুক এবং বন্ডে বিনিয়োগ করা সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়।