অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এ বি এম আজিজুর রহমান নবীন শিক্ষার্থীদের নিজ নিজ অনুষদের ডিনদের কাছে পাঠক্রম সম্পাদনের জন্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট ডিনরা শিক্ষার্থীদের বরণ করে নেন। অনুষ্ঠানটির শেষভাগে নবীন শিক্ষার্থীদের জাবির ঐতিহ্য ও গৌরব বজায় রাখার শপথ বাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. আফসানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন রুনু। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম রাশিদুল আলম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি মেনে চলে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। তোমাদের বুঝতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে শিক্ষিত তরুণ সমাজের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। এই বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে তোমাদের মতো শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের অনেক দেশ জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হলেও আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারি। সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিবর্তনের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে।







